ত্রয়োদশ জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে না হলে দেশ অনিশ্চয়তায়: ব্যারিস্টার অসীম
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০৩:৫৮ পিএম
রাজধানীর নিউমার্কেট এলাকায় আয়োজিত মানববন্ধনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম বলেছেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন না হলে দেশ অনিশ্চয়তার দিকে চলে যাবে।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা থাকলেও এক বছরের বেশি সময় পার হয়েছে। সংস্কার ও ঐকমত্যের নামে কালক্ষেপণ চলছে, অথচ জনগণের ভোটাধিকার এখনো ফেরত আসেনি।
ব্যারিস্টার অসীম দাবি করেন, সংবিধানের বাইরে গিয়ে কোনো সমাধান সম্ভব নয় এবং পিআর পদ্ধতিতে নির্বাচন গ্রহণযোগ্য নয়। তিনি নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানান।
খালেদা জিয়ার রূপকল্প–২০৩০, বিএনপির ২৭ দফা ও যুগপৎ আন্দোলনের ৩১ দফা সংস্কার কর্মসূচির উল্লেখ করে তিনি বলেন, এসব কর্মসূচি জনগণের নাগরিক সুবিধা নিশ্চিত করবে।
এ সময় তিনি হকারদের পুনর্বাসন, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সমন্বিত পরিকল্পনা ও শিশুদের জন্য মাঠ সংরক্ষণের দাবি জানান।
মানববন্ধনে কলাবাগান থানা বিএনপির আহ্বায়ক খালেক কিবরিয়া লাকি, নিউ মার্কেট থানা আহ্বায়ক লায়ন এস এম মতিউর রহমানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন যারা
উৎপাদন কমানোর আগে ইরান দুই মাস পর্যন্ত তেল রপ্তানি বন্ধ রাখতে পারে, বলছেন বিশ্লেষকরা
গুলিবিদ্ধ সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসায় অবহেলার অভিযোগ