জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে একমত রাজনৈতিক দলগুলো- আলী রীয়াজ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১১:২৫ এএম

সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের বিষয়ে দেশের সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের চতুর্থ দিনের বৈঠক শেষে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে গণভোটের বিষয়ে সবাই একমত হয়েছে।

আলী রীয়াজ জানান, এর আগে ১১, ১৪ ও ১৭ সেপ্টেম্বর তিন দফা বৈঠকের পর দলগুলোর পারস্পরিক আলোচনার জন্য সময় দেওয়া হয়েছিল। সেই সময় শেষে দলগুলো এখন গণভোট ও সাংবিধানিক সংস্কার নিয়ে অভিন্ন অবস্থানে এসেছে।

তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে গঠিত নতুন আইনসভাকে এমন বৈশিষ্ট্য দিতে হবে যাতে জুলাই সনদের ভিত্তিতে প্রস্তাবিত সাংবিধানিক সংশোধনগুলো সহজে সম্পন্ন করা যায়। আগে কিছু দল সংবিধানের ১০৬ অনুচ্ছেদের মাধ্যমে সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার প্রস্তাব দিলেও এখন অধিকাংশ দল মনে করছে, তা আর প্রয়োজন নেই।

রাজনৈতিক দলগুলোর সহনশীলতা ও অবস্থান পরিবর্তনের সাহসিকতার প্রশংসা করে তিনি বলেন, দলগুলো জাতীয় ঐক্য তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখছে।

আগামী বুধবার (৮ অক্টোবর) বিকেলে দলগুলোর সঙ্গে আবারও বৈঠক হবে। পাশাপাশি আইনি ও সাংবিধানিক কাঠামো স্পষ্ট করতে বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গেও কমিশনের আলাদা বৈঠক করার পরিকল্পনা রয়েছে।

কমিশনের সহ-সভাপতি আরও বলেন, আলোচনায় যুক্ত ৩০টি দলের মধ্যে তিন-চতুর্থাংশ দল জুলাই সনদে স্বাক্ষরের জন্য প্রতিনিধিদের নাম পাঠিয়েছে। বাকি দলগুলোকে দ্রুত প্রতিনিধি নাম পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com