মাধ্যমিকের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত জুলাই বিপ্লব, বাকশাল ও হাসিনা সরকারের পতন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১০:০৫ এএম

সংগৃহীত

মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে বড় ধরনের পরিবর্তন ও পরিমার্জন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ২০২৬ শিক্ষাবর্ষে বিতরণের জন্য প্রকাশিত নতুন বইগুলোতে উল্লেখযোগ্যভাবে বাদ পড়েছে বেশ কিছু বিতর্কিত বিষয়। যুক্ত করা হয়েছে বাংলাদেশের শাসনতান্ত্রিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়—জুলাই বিপ্লব, বাকশাল, শেখ হাসিনা সরকারের স্বৈরশাসন থেকে পলায়ন, জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র, এরশাদের স্বৈরশাসন এবং খালেদা জিয়ার আমলের ঘটনা।

এনসিটিবির সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শিক্ষাবর্ষে বিতর্কের মুখে পড়া বেশ কিছু কনটেন্ট বিবেচনায় নিয়ে উচ্চপর্যায়ের কমিটির সুপারিশে এবার বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন ‘স্বাধীন বাংলাদেশে গণ-অভ্যুত্থান’ অধ্যায়ে ১৯৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিক চিত্র উপস্থাপন করা হয়েছে।

জুলাই গণবিপ্লবের গুরুত্ব

নতুন বইয়ে বিশেষ গুরুত্ব পেয়েছে ২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই গণবিপ্লব। সরকারি চাকরিতে কোটা বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে ছাত্রলীগের হামলা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হত্যা, সারা দেশে জন-আন্দোলনের বিস্ফোরণ এবং অতিরিক্ত শক্তি প্রয়োগে শতাধিক ছাত্র-জনতার শাহাদাত—সবই তুলে ধরা হয়েছে।
অধ্যায়ে বলা হয়েছে, ৫ আগস্ট ফ্যাসিবাদী ক্ষমতার পতন ঘটে এবং শেখ হাসিনা ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীরা ভারত পালিয়ে যান।

শাসনতান্ত্রিক ইতিহাসের নতুন বিশ্লেষণ

বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের নবম-দশম শ্রেণির অংশে যুক্ত করা হয়েছে—

  • ২০০৮ সালে শেখ হাসিনার সরকার গঠন

  • কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার বিস্তার

  • বিরোধীদের দমন-পীড়ন

  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল (২০১১)

  • ২০১৪ ও ২০১৮ সালের বিতর্কিত নির্বাচন

  • ২০২৪ সালের জানুয়ারির প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন ও আওয়ামী লীগের দীর্ঘমেয়াদি ক্ষমতায় থাকার রোডম্যাপ

এ ছাড়াও তুলে ধরা হয়েছে দুর্নীতির মাধ্যমে বছরে অন্তত ১৬ বিলিয়ন ডলার বিদেশে পাচার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল হওয়া এবং ‘চোরতন্ত্র’ গঠনের অভিযোগ।

ঐতিহাসিক অধ্যায়সমূহে পরিবর্তন

পরিমার্জিত বইগুলোতে আরও যুক্ত হয়েছে—

  • ১৯৭৫ সালে শেখ মুজিব সরকারের চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠা

  • ১৯৯০ সালের ছাত্র-গণঅভ্যুত্থান

  • জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র

  • এরশাদের ৯ বছরের স্বৈরশাসন

  • ১৯৯১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক সরকারের প্রত্যাবর্তন

 অন্যান্য বইয়েও ছোটখাটো সংশোধন রয়েছে।

নাম প্রকাশ না করে এনসিটিবির এক কর্মকর্তা জানান, “গত বছরের পাঠ্যবই নিয়ে ব্যাপক সমালোচনা আমাদের ভাবতে বাধ্য করেছে। সুপারিশ অনুযায়ী এবার বড় পরিবর্তন আনা হয়েছে।”

এনসিটিবির শিক্ষা ও সম্পাদনা বিভাগের প্রধান সম্পাদক মুহাম্মদ ফাতিহুল কাদীর জানান, “উচ্চপর্যায়ের কমিটির রিভিউ অনুযায়ী সংযোজন-বিয়োজন করা হয়েছে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং পৌরনীতি বইয়ে দেশের শাসনতান্ত্রিক ইতিহাসকে গুরুত্ব দেওয়া হয়েছে।”

এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক ড. রিয়াদ চৌধুরী বলেন, “সব চ্যালেঞ্জ মোকাবিলা করে বছরের শুরুতেই নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে আমরা আশাবাদী।”

সুত্র: নয়াদিগন্ত।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com