ককটেল, পেট্রোল বোমা ও বেশকিছু ধারালো অস্ত্রসহ যুবদল নেতা আটক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০১:৫০ পিএম

লগো যুবদল, সংগৃহীত

যশোরে এক যুবদল নেতার বাড়িতে অভিযান চালিয়ে সাতটি ককটেল, তিনটি পেট্রোল বোমা ও বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় যুবদল নেতা আল মাসুদ রানাকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে শহরের রায়পাড়া এলাকায় কোতয়ালী মডেল থানার পুলিশ এই অভিযান পরিচালনা করে। আটক আল মাসুদ রানা শহরের চাঁচড়া রায়পাড়া রাজা বরদাকান্ত রোড এলাকার নজরুল ইসলামের ছেলে এবং যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।

কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রানার বাড়িতে বোমা ও অস্ত্র মজুত রয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে রানাকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর তার বাড়ির রান্নাঘরের পেছন দিক থেকে সাতটি ককটেল, তিনটি কাঁচের বোতলে পেট্রোল বোমা সদৃশ বস্তু, একটি ছোরা এবং দুটি হাসুয়া উদ্ধার করা হয়। এসব অস্ত্র রানার কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শনের পর মামলার প্রস্তুতি চলছে এবং বিকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এদিকে যশোর নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি বলেন, “আল মাসুদ রানা দীর্ঘদিন ধরে রাজনীতি করছে। সে এমন ধরনের ছেলে নয়। তাকে ষড়যন্ত্র করে কেউ ফাঁসানোর চেষ্টা করছে।” তিনি আরও বলেন, যুবদল সন্ত্রাসীদের আশ্রয়–প্রশ্রয় দেয় না এবং ব্যক্তির দায় দল নেবে না।

অভিযোগের সত্যতা ও অস্ত্রের উৎস বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com