রাঙামাটিতে মারা গেল দেশের একমাত্র গোলাপি হাতি শাবক, পাহাড়ায় মা হাতি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০১:২৮ পিএম

মৃত শাবটির পাশেই দাঁড়িয়ে আছে মা হাতিটি , সংগৃহীত

রাঙামাটির বরকল উপজেলায় দেশের একমাত্র ও বিরল প্রজাতির গোলাপি হাতি শাবকটি মারা গেছে। তবে মা হাতিসহ বন্য হাতির একটি পাল পাহারা দেওয়ায় দুই দিন পার হলেও এখনো শাবকটির লাশ উদ্ধার করতে পারেনি বন বিভাগ।

জানা যায়, চলতি বছরের জুন মাসে রাঙামাটির বরকল উপজেলার বরুনাছড়ি গ্রামের লিটনের টিলা এলাকায় প্রথমবারের মতো গোলাপি রঙের হাতি শাবকটিকে দেখা যায়। তখন এর আনুমানিক বয়স ছিল ছয় মাস। শাবকটিকে দেখা যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

গত মঙ্গলবার স্থানীয়রা কাপ্তাই হ্রদের পানিতে ভাসতে থাকা হাতি শাবকের লাশ দেখতে পায়। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গেলেও মা হাতিসহ বন্য হাতির একটি পাল সেখানে অবস্থান করায় লাশ উদ্ধার সম্ভব হয়নি।

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সুবলং রেঞ্জ কর্মকর্তা মতিউর রহমান জানান,

“কাপ্তাই হ্রদে বিরল রঙের হাতি শাবকটির লাশ ভাসছে—এই খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। তবে বন্য হাতির পাল পাহারা দেওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। আমরা সতর্কভাবে তাদের সরিয়ে উদ্ধারের চেষ্টা করছি।”

বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রফিকুজ্জামান শাহ জানান,

“ধারণা করা হচ্ছে, হাতি শাবকটি খাড়া পাহাড় থেকে নামার সময় পা পিছলে কাপ্তাই হ্রদে পড়ে যায়। সেখান থেকে উঠতে না পেরে তার মৃত্যু হয়েছে। আজ (বুধবার) আবারও উদ্ধার চেষ্টা চলছে। লাশ উদ্ধার হলে ভেটেরিনারি সার্জন দিয়ে ময়নাতদন্তের ব্যবস্থা করা হবে।”

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, গোলাপি হাতির রঙ আসলে কোনো আলাদা প্রজাতির নয়; এটি জিনগত বা হরমোনজনিত কারণে হয়।

সূত্র : বাসস

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com