মিলনের আত্মদানে গণতন্ত্রের বিজয়- ফেসবুকে তারেক রহমান

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৫:২৪ পিএম

ছবি সংগৃহীত

শহীদ ডা. শামসুল আলম মিলন দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শহীদ ডা. মিলনের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

পোস্টে তিনি বলেন, “নব্বয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের এক নির্ভিক সৈনিক শহীদ ডা. মিলনের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই।” তিনি উল্লেখ করেন, অকুতোভয় এই ডাক্তারের আত্মদান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করেছিল। তার আত্মবলিদানের মধ্য দিয়ে নয় বছরের স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলন চূড়ান্ত বিজয়ের পথে অগ্রসর হয় বলে মন্তব্য করেন তিনি।

তারেক রহমান আরও বলেন, শহীদ ডা. মিলনের দৃঢ় অঙ্গীকার ছিল স্বৈরাচারকে উৎখাত করে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা। বুকের তাজা রক্তের বিনিময়ে তিনি গণতন্ত্রের বিজয় এনেছিলেন, যার পরিপ্রেক্ষিতে দেশে স্বৈরাচারের পতন ঘটে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়।

বর্তমান প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, “পতিত আওয়ামী সরকারের গত ১৬ বছরের শাসনে মানুষের সব অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে কবরস্থ করা হয়েছিল। দেশের মানুষ তাদের মৌলিক অধিকার হারিয়েছিল, দেশের মালিকানা ছিনিয়ে নেওয়া হয়েছিল।” তিনি দাবি করেন, ৫ আগস্টের ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে বিজয়ের মধ্য দিয়ে নতুনভাবে স্বাধীনতা ফিরে পেলেও দেশি-বিদেশি চক্রান্ত এখনো অব্যাহত রয়েছে।

তবে জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি শহীদ ডা. মিলনসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

সূত্র : বাসস

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com