আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম
সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত থাকা এবং পরবর্তীতে দলটির নিবন্ধন বাতিল হওয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক—এমন আশাবাদও ব্যক্ত করেন তিনি। ইউনূস বলেন, গত ১৬ বছরের স্বৈরতান্ত্রিক শাসনের সময়ে টানা তিনটি ‘কাটাছেঁড়া নির্বাচন’ হওয়ায় বহু নতুন ভোটার ভোট দিতে পারেননি; এবার তারা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন।
তিনি আরো বলেন, জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় প্রণীত ‘জুলাই সনদ’ বাংলাদেশের জন্য একটি নতুন সূচনা। এই সনদকে কেন্দ্র করে জাতীয় ঐকমত্য কমিশন ও বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপকে যুক্তরাজ্য ইতিবাচক হিসেবে দেখছে বলেও সচেতন করেন তিনি।
বৈঠকে অবৈধ অভিবাসন, রোহিঙ্গা সংকট, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বিমান ও নৌ খাতে সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। ব্রিটিশ মন্ত্রী চ্যাপম্যান জানান, যুক্তরাজ্যে অবৈধ অভিবাসনের অপব্যবহার উদ্বেগজনকভাবে বাড়ছে। এ বিষয়ে নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
জবাবে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশি নাগরিকদের বৈধ পথে বিদেশে কর্মসংস্থান নিতে উৎসাহিত করছে তার সরকার; পাশাপাশি নিরাপদ অভিবাসন নিশ্চিত করার পদক্ষেপও জোরদার করা হয়েছে।
রোহিঙ্গা প্রসঙ্গে দুই নেতা ক্যাম্পের তরুণদের মধ্যে বেড়ে ওঠা হতাশা ও ক্ষোভ মোকাবিলায় তাদের শিক্ষার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। প্রধান উপদেষ্টা জানান, বঙ্গোপসাগর গবেষণার জন্য যুক্তরাজ্য থেকে একটি গবেষণা জাহাজ কিনছে বাংলাদেশ। বিমানে যোগাযোগ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। ব্রিটিশ মন্ত্রী জানান, এয়ারবাস ইন্টারন্যাশনালের প্রধান শিগগিরই বাংলাদেশ সফরে আসবেন।
বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস
আরও পড়ুন
স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন যারা
উৎপাদন কমানোর আগে ইরান দুই মাস পর্যন্ত তেল রপ্তানি বন্ধ রাখতে পারে, বলছেন বিশ্লেষকরা
গুলিবিদ্ধ সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসায় অবহেলার অভিযোগ