ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৮:২৮ পিএম

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস |ফাইল ছবি

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অবকাঠামো ও শিল্প থেকে শুরু করে সবক্ষেত্রে তাদের সেবা ও প্রযুক্তিগত দক্ষতা আধুনিক অর্থনীতির ভিত্তি তৈরিতে ব্যাপক অবদান রাখছে।

শুক্রবার (৭ নভেম্বর) ‘গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, “একটি জাতির প্রকৃত শক্তি কেবল তার প্রাকৃতিক সম্পদের মধ্যেই নয়, বরং তার জনগণের জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার মধ্যেও নিহিত।”

তিনি আরও বলেন, বৃহত্তর পেশাজীবী সংগঠন হিসেবে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) দক্ষ কর্মীবাহিনী গড়ে তোলার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রসার এবং টেকসই প্রবৃদ্ধির জন্য উদ্ভাবনকে উৎসাহিত করছে।

আইডিইবি প্রতিবছর ৮ নভেম্বর ‘গণপ্রকৌশল দিবস’ পালন করে থাকে। এবারের প্রতিপাদ্য— “দক্ষ জনশক্তি, দেশ গঠনের মূল ভিত্তি।”

প্রতিপাদ্যটি সময়োপযোগী উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আইডিইবি’র সদস্যরা তাদের অব্যাহত প্রতিশ্রুতি, পেশাদারিত্ব এবং উদ্ভাবনের চেতনার মাধ্যমে জাতি গঠনের অগ্রভাগে থাকবেন।

তিনি দিবসটি উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন এবং সংগঠনের সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com