ডিবি হারুন ও বেনজীর পরিবারের আয়কর নথি জব্দের আদেশ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৫:১৭ পিএম
সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ, পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের স্ত্রী জীশান মির্জা এবং তাদের কন্যা তাহসীন রাইসা বিনতে বেনজীরের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক তিন আবেদনের শুনানি শেষে এনবিআর-এর কর অঞ্চল–২০-কে নথি জব্দের নির্দেশ দেন ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ। বিষয়টি আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন নিশ্চিত করেছেন।
এর আগে দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন তিনজনের আয়কর নথি সরবরাহের আবেদন করেন।
ডিবি হারুনের বিরুদ্ধে অভিযোগ
আবেদনে বলা হয়, মোহাম্মদ হারুন অর রশীদ সরকারি ক্ষমতার অপব্যবহার করে ১৭ কোটি ৫১ হাজার ১৭ হাজার ৮০৬ টাকার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন করেছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার আয়কর নথি জব্দ করে পর্যালোচনা জরুরি বলে দুদক জানায়।
বেনজীরের স্ত্রী জীশান মির্জার বিরুদ্ধে অভিযোগ
জীশান মির্জা ১৬ কোটি ১ লাখ ৭১ হাজার ৩৩৬ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং ৩১ কোটি ৬৯ লাখ ৫৫ হাজার ১৪৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত স্থাবর–অস্থাবর সম্পদ অর্জন করেছেন—আবেদনে এমন অভিযোগ করা হয়েছে।
এতে আরও বলা হয়, বেনজীর আহমেদ ক্ষমতার অপব্যবহার করে জীশানকে এ অপরাধে সহায়তা করেছেন। ফলে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করা হয়েছে।
কন্যা তাহসীন রাইসা বিনতে বেনজীরের বিরুদ্ধে অভিযোগ
তাহসীন রাইসার বিরুদ্ধে ৫ কোটি ৫৯ লাখ ৫৫ হাজার ৮৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত স্থাবর–অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। একইসঙ্গে বেনজীর আহমেদের ভূমিকার বিষয়টিও আবেদনে উল্লেখ করা হয়।
শুনানি শেষে তিনজনেরই আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট সব নথি জব্দের নির্দেশ প্রদান করেন বিচারক।
আরও পড়ুন
স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন যারা
উৎপাদন কমানোর আগে ইরান দুই মাস পর্যন্ত তেল রপ্তানি বন্ধ রাখতে পারে, বলছেন বিশ্লেষকরা
গুলিবিদ্ধ সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসায় অবহেলার অভিযোগ