সালমান এফ রহমানসহ ১২ আসামির জামিন বাতিল
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ১২ জন আসামির জামিন বাতিলের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। রাষ্ট্র পক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করে বলেন,
“গত ২৭ অক্টোবর ঢাকার সিএমএম আদালত মামলার ১২ আসামিকে জামিন দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিন বাতিলের আবেদন করা হলে আজ মহানগর দায়রা আদালত রিভিশন আবেদন মঞ্জুর করে জামিন বাতিলের আদেশ দেন।”
অভিযুক্তদের মধ্যে রয়েছেন
আইজিডব্লিউ অপারেটরস ফোরাম (আইওএফ) নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মঈনুল হক, (অব.) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল হান্নান, আশিক আহমেদ, গাজী মো. সালাহউদ্দিন, হাফিজুর রহমান, খালিদ ইসলাম, মো. মাহতাবুল আমিন, সোহেল শরীফ, তাজিন আলম, নাদির শাহ কোরেশী, মীর নাসির হোসেন ও সিসিও মুসফিক মনজুর।
মামলার পটভূমি
গত ১৮ সেপ্টেম্বর বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সালমান এফ রহমানসহ মোট ২৭ জনকে এজাহারনামীয় আসামি করা হয়।
অভিযোগে বলা হয়, আইজিডব্লিউ অপারেটরস ফোরাম (আইওএফ) গঠনের পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো লাইসেন্স ও চুক্তির শর্ত ভঙ্গ করে প্রতারণামূলকভাবে বিপুল অর্থ আত্মসাৎ করে।
এতে উল্লেখ করা হয়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) খাত সালমান এফ রহমানের প্রত্যক্ষ নেতৃত্বে কুক্ষিগত হয়, এবং তার নির্দেশে মাসে মাসে অপারেটরদের কাছ থেকে বিপুল অর্থ বেক্সিমকো কম্পিউটারস লিমিটেডে জমা দিতে হতো—যার কোনো আইজিডব্লিউ লাইসেন্সই নেই।
‘মার্কেট ডেভেলপমেন্ট ফান্ড (এমডিএফ)’-এর নামে সংগৃহীত এসব অর্থের প্রকৃত ব্যবহার সম্পর্কেও অবগত নন অপারেটররা, অভিযোগে এমনটাই বলা হয়।
আরও পড়ুন
স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন যারা
উৎপাদন কমানোর আগে ইরান দুই মাস পর্যন্ত তেল রপ্তানি বন্ধ রাখতে পারে, বলছেন বিশ্লেষকরা
গুলিবিদ্ধ সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসায় অবহেলার অভিযোগ