শেখ হাসিনাসহ তিন আসামির মানবতাবিরোধী মামলার রায় ১৭ নভেম্বর
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৬:৫১ এএম
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ তারিখ নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম ও ফারুক আহাম্মদ।
এদিন সকাল ৯টার পর কড়া নিরাপত্তায় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে রাজসাক্ষী মামুনকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।
এর আগে, গত ২৩ অক্টোবর মামলার বিচারকাজ শেষ করে ট্রাইব্যুনাল ১৩ নভেম্বর রায়ের তারিখ ঘোষণার জন্য দিন ধার্য করেছিল। পরে আজ রায় ঘোষণার নতুন তারিখ নির্ধারিত হয়।
রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিমকোর্ট এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিয়মিত বাহিনীর পাশাপাশি অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
সুপ্রিমকোর্ট এলাকায় দায়িত্ব পালনকারী এক গোয়েন্দা কর্মকর্তা জানান, “যেকোনো নাশকতা বা বিশৃঙ্খলা ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”
আরও পড়ুন
স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন যারা
উৎপাদন কমানোর আগে ইরান দুই মাস পর্যন্ত তেল রপ্তানি বন্ধ রাখতে পারে, বলছেন বিশ্লেষকরা
গুলিবিদ্ধ সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসায় অবহেলার অভিযোগ