আওয়ামী লীগের সাবেক এমপি সাইফুলসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ পিএম

মোহাম্মাদ সাইফুল ইসলাম । সংগৃহীত

ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মাদ সাইফুল ইসলামসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারী বিপ্লব মন্ডলকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় এই পরোয়ানা জারি করা হয়।

গ্রেফতারি পরোয়ানাভুক্ত সকল আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আশুলিয়া থানার নেতা-কর্মী বলে জানা গেছে।

গত ২১ অক্টোবর ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ মামলার চার্জশিট আমলে নিয়ে তাদের বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক বিশ্বজিৎ বিশ্বাস।

গ্রেফতারি পরোয়ানাভুক্ত উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আশুলিয়া ইউনিয়নের সভাপতি শামীম আহম্মেদ সুমন ভূইয়া ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন মোল্লা প্রমুখ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আশুলিয়ার বাইপাস মোড়ে আন্দোলনকারীদের ওপর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বহিরাগত অজ্ঞাতনামা ব্যক্তিরা অস্ত্রশস্ত্র, দা ও লাঠিসহ হামলা চালায়।

হামলার সময় আন্দোলনকারী বিপ্লব মন্ডল (৩৩) গুলিবিদ্ধ হন। গুলিটি তার ঘাড়ে লেগে শ্বাসনালী ছিঁড়ে যায়। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রায় এক মাস পর, অর্থাৎ ৩১ আগস্ট, নিহত বিপ্লব মন্ডলের বোন মোসাম্মত মেমী (৩৭) আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২৭ আগস্ট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা জেলার এসআই ইমরান আহম্মেদ আদালতে চার্জশিট দাখিল করেন। এতে সাবেক এমপি সাইফুল ইসলামসহ মোট ৪৫ জনকে অভিযুক্ত করা হয়।

চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে ১৩ জন ইতোমধ্যে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন, আর বাকি ৩২ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

সূত্র : বাসস

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com