বৃত্তি পরীক্ষায় বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে : হাইকোর্ট

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৮:৫৮ এএম

সংগৃহীত

 

শুধু সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে—প্রাথমিক শিক্ষা অধিদফতরের এমন সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ২০০৮ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিয়ে পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছেন আদালত।

 

গতকাল সোমবার এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আজ মঙ্গলবার রিটকারীর আইনজীবী ব্যারিস্টার মুনতাসির আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

 

আইনজীবী জানান, গত ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদফতর এক স্মারকে জানায় যে, কেবল সরকারি স্কুলের শিক্ষার্থীরাই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কেরানীগঞ্জ পাবলিক ল্যাবরেটরি স্কুলের পরিচালক মো. ফারুক হোসেন, শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিসহ ৪২ জন রিট দায়ের করেন।

 

রিটের প্রাথমিক শুনানিতে গত ২ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করে ওই স্মারকের কার্যক্রম অন্তর্বর্তীকালীনভাবে স্থগিত করেন। আদালত জানতে চান, শুধুমাত্র সরকারি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং ২০০৮ সালের নীতিমালা অনুযায়ী পরীক্ষা নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না।

 

চূড়ান্ত শুনানি শেষে সোমবার আদালত রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করে রায় দেন।

 

উল্লেখ্য, ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com