সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার পরিবারের স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৯:১৯ পিএম

ছবি সংগৃহীত

রোববার (৫ অক্টোবর) ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার পরিবারের সদস্য ও স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম জানিয়েছেন, সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালত এ আদেশ দেন। দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান জানান, সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে সাত সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। তদন্তে তাদের নামে থাকা স্থাবর সম্পদ অন্যত্র স্থানান্তরের আশঙ্কা থাকায় ক্রোকের আবেদন করা হয়।

আদালতের নির্দেশে চট্টগ্রামের নিজাম রোড, পাঁচলাইশ, লালখান বাজার, পূর্ব নাসিরাবাদ ও চট্টেশ্বরী রোড এলাকার একাধিক ফ্ল্যাট, আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টারের অংশ, সার্সন রোডের একটি ভবন এবং কালুরঘাট শিল্প এলাকার ছয়টি মার্কেট ক্রোক করা হয়েছে।

এর আগে গত বছর ১৭ অক্টোবর আদালত সাইফুজ্জামান ও তার পরিবারের নামে থাকা দেশ-বিদেশের ৫৮০টি বাড়ি, অ্যাপার্টমেন্ট ও জমি জব্দের নির্দেশ দেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুটি ব্যাংক হিসাব ও দেশের একটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়।

চলতি বছরের মার্চে তার ৩৯টি ব্যাংক হিসাব, ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমিও ক্রোকের নির্দেশ দেন আদালত।

সম্প্রতি তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

সুত্র: বাসস/আরটিভি

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com