ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তি: ইয়েমেনে ১৭ জনের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের আদেশ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৪:২৩ এএম
ইসরাইল ও তার পশ্চিমা মিত্রদের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত আদালত ১৭ জনকে ফায়ারিং স্কোয়াড বা প্রকাশ্যে গুলি করে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। শনিবার সকালে সানার বিশেষায়িত ফৌজদারি আদালত এ রায় ঘোষণা করে।
হুথি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে আমেরিকান, ইসরাইলি ও সৌদি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত একটি গুপ্তচর নেটওয়ার্কের অংশ হিসেবে ইয়েমেনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল। এ মামলায় হুথি বিচারকদের পাশাপাশি রাষ্ট্রীয় কৌঁসুলিরাও অংশ নেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আদালত ১৭ জনের মৃত্যুদণ্ড জনসম্মুখে কার্যকরের নির্দেশ দিয়েছে, যাতে এটি ‘অন্যান্যদের জন্য সতর্কবার্তা’ হিসেবে কাজ করে। দণ্ডপ্রাপ্তদের নামের তালিকাও প্রকাশ করা হয়েছে।
একই মামলায় আরও একজন নারী ও একজন পুরুষকে ১০ বছর করে কারাদণ্ড এবং অপর এক ব্যক্তিকে সব অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে। মোট ২০ জন এ মামলায় বিচারাধীন ছিলেন।
রাষ্ট্রীয় কৌঁসুলিদের অভিযোগে বলা হয়, ২০২৪ ও ২০২৫ সালে অভিযুক্ত ইয়েমেনি নাগরিকদের সঙ্গে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সরাসরি যোগাযোগ ছিল। তাদের মাধ্যমে বেশ কয়েকটি সামরিক, নিরাপত্তা ও বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়, যার ফলে প্রাণহানি ও ব্যাপক অবকাঠামো ক্ষতি হয়। অভিযোগে ব্রিটেনের সংশ্লিষ্টতার কথাও উল্লেখ করা হয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলার পর হুথি যোদ্ধারা লোহিত সাগরের নৌপথে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ ও ইসরাইলকে লক্ষ্য করে হামলা শুরু করে। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ইয়েমেনে পাল্টা হামলা চালায়। তবে গত মাসের গাজা যুদ্ধবিরতি চুক্তির পর হুথিরা আক্রমণ বন্ধ করেছে।
আরও পড়ুন
স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন যারা
উৎপাদন কমানোর আগে ইরান দুই মাস পর্যন্ত তেল রপ্তানি বন্ধ রাখতে পারে, বলছেন বিশ্লেষকরা
গুলিবিদ্ধ সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসায় অবহেলার অভিযোগ