দুর্বল পাঁচ শরিয়াহ ব্যাংক একীভূত

আগামী সপ্তাহেই কার্যক্রম শুরু করছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’: গভর্নর

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৩:৩৭ পিএম

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, ছবি সংগৃহীত

আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংককে একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ আগামী সপ্তাহেই কার্যক্রম শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এ তথ্য জানান। তিনি বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই নতুন এ সমন্বিত ব্যাংকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

গভর্নর আহসান এইচ মনসুর বলেন, বর্তমান সরকারের সামনে থাকা বড় ধরনের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো আগামী দিনের নির্বাচিত সরকারকে গভীরভাবে বুঝতে হবে। এসব চ্যালেঞ্জ ‘সঞ্চিত সমস্যা’ হিসেবে রয়ে গেছে উল্লেখ করে তিনি আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে পূর্ণ স্বাধীনতা দেওয়ার আহ্বান জানান।

এলসি খোলার ক্ষেত্রে আরোপিত সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে জানিয়ে গভর্নর বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন পণ্যের এলসি খোলার পরিমাণ ১৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে। তার দাবি, বহির্বাণিজ্য খাত এখন স্থিতিশীল এবং ব্যাংকিং খাতে ডলারের সংকট নেই।

মূল্যস্ফীতি বিষয়ে গভর্নর বলেন, চালের উচ্চমূল্যের প্রভাবেই বর্তমান মূল্যস্ফীতি বাড়ছে। শুধুমাত্র চালের দাম ১৮ শতাংশ বৃদ্ধি পাওয়ায় গত মাসে মূল্যস্ফীতি ১.৪ শতাংশ পয়েন্ট বেড়েছে। নীতিগত ব্যর্থতাকে দায়ী করে তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে তাল না রেখে আমদানি সীমিত করলে বাজারে মূল্য বৃদ্ধি অনিবার্য।

তিনি আরও বলেন, বিশ্বের কোথাও দাম না বাড়লেও দেশে দাম বাড়ার পেছনে ‘আমলাতান্ত্রিক হস্তক্ষেপ’ দায়ী। বাজার স্থিতিশীল রাখতে সরকারের নীতিগত পরিবর্তন জরুরি উল্লেখ করে গভর্নর জানান, ডিপোজিট প্রবৃদ্ধি সম্প্রতি ৬ শতাংশ থেকে বেড়ে ১০ শতাংশে পৌঁছেছে।

অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে ব্যাংক খাত সংকটে পড়েছিল উল্লেখ করে গভর্নর ভবিষ্যতে বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি জানান, সমস্যাগ্রস্ত নয়টি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান দ্রুত অবসায়ন করা হবে।

দৈনিক বণিক বার্তা আয়োজিত এই সম্মেলনের এবারের প্রতিপাদ্য ছিল— ‘অর্থনীতির ভবিষ্যৎ গতিপথ ও রাজনৈতিক অঙ্গীকার’ (Economies Future Trajectory and Political Commitment)।

সূত্র : ইউএনবি

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com